• শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত বয়কটের আহ্বান মুসলিম বিশ্বে, শুরু নতুন আন্দোলন

ভারত বয়কটের আহ্বান মুসলিম বিশ্বে, শুরু নতুন আন্দোলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৮ ২৬ ডিসেম্বর ২০২৫

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও উত্তেজনা দৃশ্যমান হয়ে উঠেছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশকে লক্ষ্য করে ভারতীয় কিছু গণমাধ্যম ও গোষ্ঠীর প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের অভিযোগ আন্তর্জাতিক পরিসরে সমালোচনার জন্ম দিয়েছে। এর প্রভাব শুধু দ্বিপক্ষীয় সম্পর্কেই সীমাবদ্ধ থাকেনি; বিষয়টি ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বজুড়ে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে বয়কটের আহ্বান জোরালো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জন এবং কূটনৈতিক চাপ তৈরির দাবিতে একাধিক প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে। অনেকের মতে, মুসলিম দেশগুলোর সঙ্গে ভারতের আচরণ ও বক্তব্যই এই প্রতিক্রিয়ার মূল কারণ।

এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ভারতীয়দের পর্যটক ভিসা বাতিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে ভিসা অনুমোদনের হার প্রায় শতভাগের কাছাকাছি ছিল, সেখানে নতুন নীতির ফলে আবেদনকারীদের বড় অংশই এখন ভিসা না পাওয়ার মুখে পড়ছেন।

নতুন ভিসা নীতিমালায় ভারতীয়দের জন্য আগের মতো সহজ প্রক্রিয়া আর থাকছে না। আবেদনকারীদের নির্দিষ্ট ও গ্রহণযোগ্য তথ্যের পাশাপাশি বিমানের টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কেউ আত্মীয়ের বাসায় অবস্থান করতে চাইলে তারও যথাযথ প্রমাণপত্র দিতে হবে, যা যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেওয়া হবে।

এই পরিবর্তনের ফলে ভারতীয় পর্যটক ও প্রবাসীরা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ভারতের জন্য অন্যতম বড় রেমিট্যান্স উৎস হওয়ায়, ভিসা কড়াকড়ি দেশটির অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বে ভারতের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষ ও বয়কটের আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ওপর নতুন চাপ তৈরি করছে। একসময় দক্ষিণ এশিয়ায় প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ভারত এখন নানা কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে—যার প্রভাব ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন