• বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ ১২ নভেম্বর ২০২৬

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি আবেদন ফরমের তথ্য পূরণের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে ভারতে যেতে আগ্রহীদের জন্য আসছে নতুন ‘ভিজিটর ভিসা’।

বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভিসা কাঠামোর বিস্তারিত তুলে ধরে। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।

ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ভিজিটর ভিসা

নতুন নিয়মে পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় শুধু ভ্রমণ নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প শেখার সুযোগও রাখা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে, ভি-২ ভিসা দেওয়া হবে এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ নির্ধারণ করা হবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় নতুন সুবিধা

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসা এবং আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসা চালু করা হচ্ছে।

এ ক্ষেত্রে এম-১ ও এম-৩ ভিসার সাধারণ মেয়াদ হবে এক বছর। উভয় ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। রোগীদের সঙ্গে যাওয়া স্বজন ও সহকারীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য এস-১ ও এস-২ নামে দুটি উপক্যাটাগরি করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে, পিএইচডি গবেষক, অতিথি শিক্ষক, গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থী, ইন্টার্ন ও বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এস-২ ভিসার আওতায় আসবেন।

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যোগ্য বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ অনুযায়ী ই-এস১ ভিসা পেতে পারেন।

ব্যবসায়িক ভিসাতেও পরিবর্তন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম ও ভারতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বি-১ ভিসা ব্যবহার করা যাবে।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণের মতো কাজে বি-২ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিদেশি প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের জন্যও নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর আওতায় ভারতে শিল্পকারখানা স্থাপন, যন্ত্রপাতি চালু করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রযুক্তি হস্তান্তরের কাজে অংশ নেওয়া যাবে।

ভিসার আবেদনপ্রক্রিয়াও হবে সহজ

ভারতের নতুন ভিসা কাঠামোয় প্রধান ক্যাটাগরির সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে।

নতুন কাঠামোয় ভিসার প্রধান নয়টি বিভাগ হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন ও প্রস্তুতি চলছে।

তবে বাংলাদেশি আবেদনকারীদের জন্য নতুন ভিজিটর ভিসা ঠিক কবে থেকে কার্যকর হবে এবং বিদ্যমান ভিসা কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট ঘোষণা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন