• বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উত্তর প্রদেশে মিলাদুন্নবী (সা.)–এর মিছিল ঘিরে মামলা

ভারতের উত্তর প্রদেশে মিলাদুন্নবী (সা.)–এর মিছিল ঘিরে মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৪ ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী (সা.)–এর দিন অনুষ্ঠিত একটি ধর্মীয় মিছিল ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মিছিলের সময় মুসলিম সম্প্রদায় ‘আমি মুহাম্মদ (সা.)–কে ভালোবাসি’ লেখা ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন। এরপরই কিছু মহল এ বিষয়ে আপত্তি জানায়। পুলিশ হস্তক্ষেপ করে এবং নতুন রীতি যুক্ত করার অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেছেন, “হিন্দু বা শিখ সম্প্রদায়ের মানুষ যেমন নিজেদের ধর্মীয় ছবি বা ব্যানার নিয়ে মিছিল করতে পারেন, মুসলিমরাও যদি ‘আমি মুহাম্মদ (সা.)–কে ভালোবাসি’ লেখা ব্যানার প্রদর্শন করেন, এতে আপত্তির কোনো কারণ নেই। এটি কোনো অপরাধও নয়।” তিনি আরও বলেন, নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে শুধু মানসিকভাবে অসুস্থ মানুষ।

বিতর্কটি শুরু হয় ৪ সেপ্টেম্বর। কানপুরে মিছিল চলাকালীন হিন্দু–মুসলিমদের মধ্যে পোস্টার ছেঁড়ে ফেলার ঘটনা ও ব্যানার টাঙানোর স্থানের পার্থক্যের কারণে পুলিশ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। কানপুর পুলিশ জানায়, ব্যানারের জন্য নয়, বরং ভিন্ন স্থানে টাঙানো ও অন্যদের পোস্টার নষ্ট করার জন্যই মামলা করা হয়েছে।

এই ঘটনার জবাবে হায়দরাবাদের এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘আমি মুহাম্মদ (সা.)–কে ভালোবাসি’ লেখা কোনো অপরাধ নয়। কানপুর পুলিশকে সমালোচনা করেছেন তিনি।

উত্তর প্রদেশের বিভিন্ন শহরে—উন্নাও, মহারাজগঞ্জ, লক্ষ্ণৌ, নাগপুর ও কাশীপুর—মিছিল চলেছে। কোথাও ছোটখাটো সংঘর্ষ ঘটলেও অধিকাংশ স্থানে পুলিশ মিছিল আটকিয়েছে। সমাজবাদী পার্টির রাজ্য মুখপাত্র বলেন, ‘আমি রামকে ভালোবাসি’ বা ‘আমি মুহাম্মদ (সা.)–কে ভালোবাসি’ লেখা ব্যানার অপরাধ নয়; এটি বাক্‌স্বাধীনতার অংশ।

বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, আইন ভঙ্গ বা হুমকির ঘটনা ঘটলে পুলিশ সময়মতো ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন